গরমে বিশ্বরেকর্ড গড়ল বাংলার শহর, বিশ্বের উষ্ণ মানচিত্রে বাঁকুড়া

ফুটছে বাংলা। তীব্র গরম। তার মধ্যে পারদের উত্থানে রেকর্ড গড়ল বাঁকুড়া একেবারে যেন তপ্ত কড়ার উপর বসে রয়েছে গোটা বাংলা। কার্যত গরমের নিরিখে একেবারে বিশ্বরেকর্ড করে ফেলল বাংলা। গত ২৪ ঘণ্টার গরমের যা হাল তাতে বিশ্বের উষ্ণতম যে শহরগুলি রয়েছে তার মধ্যে সপ্তম স্থানে রয়েছে বাঁকুড়া শহর। দুপুরে বাইরে বের হওয়া যাচ্ছে না। একেবারে যেন গরম কড়াইতে ফুটছে বাঁকুড়া। এলডোরাডো ওয়েদার ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি। গত বছরেও এত গরম ছিল না বাঁকুড়ায়। এবার যেন একেবারে মাত্রা ছাড়া হয়ে গিয়েছে। গত বছর বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু বাঁকুড়া নয়। দক্ষিণবঙ্গের একাধিক শহরে তাপমাত্রার পারদ একেবারে ভয়াবহ। বুধবার ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি, পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৪৩.১, দুর্গাপুরের ৪৩ ডিগ্রি, আসানসোলে ৪১ ডিগ্রি, কৃষ্ণনগরে ৪০ ডিগ্রি, খড়্গপুরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সামনেই মে মাস। গরম আরও পড়তে পারে। সেক্ষেত্রে এই তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছবে সেটাই এখন দেখার। তবে বাঁকুড়াতে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪৩.৪ ডিগ্রি।  

Comments