সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ২২তম অঞ্চল সম্মেলন বাঘমুন্ডিতে

বাঘমুন্ডি:-  সারাভারত ফরওয়ার্ড ব্লকের ২২ তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল পুরুলিয়ার বাঘমুন্ডিতে।একই সঙ্গে অঞ্চল কমিটির নাম ঘোষণা করা হল এদিন। সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তাই রাজনৈতিক দল গুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রবিবার বাঘমুন্ডির গার্লস স্কুল সংলগ্ন নেতাজি ভবনে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অঞ্চল সম্মেলন আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান ও স্মরণ সভা হয়। এদিন বাঘমুন্ডি অঞ্চলের বিভিন্ন বুথ থেকে সভাপতি সহ অন্যান্য সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে রাজ্য ও কেন্দ্র সরকারের দুর্নীতির কথা তুলে ধরা হয়। এছাড়া ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যাবে তা নিয়েও আলোচনা করা হয়। অঞ্চল সম্মেলনের মধ্যেই কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির বিভিন্ন পদাধিকারীদের দলের মর্যাদা রেখে মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সহ-সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক নিশিকান্ত মেহেতা, বাঘমুন্ডি লোক্যাল কমিটির সভাপতি পরিমল কুমার, বাঘমুন্ডি লোক্যাল কমিটির সম্পাদক জয় সিং মাহাতো, লোক্যাল কমিটির সদস্য সত্যেন কাপুর, গঙ্গারাম রজক সহ বাঘমুন্ডি লোক্যাল কমিটির অন্যান্য সদস্য সহ কর্মীসমর্থকরা।

Comments