Bengal Polls: দেড়টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়ল ৫৬.৭৮ শতাংশ, রাজ্যের ৩০ আসনে ৫৮.১৫ শতাংশ...
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ওই জেলাগুলির ৩০টি আসনে মোট ৫৮.১৫ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার ভোট হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর দেড়টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৬০.৩২, পশ্চিম মেদিনীপুরে ৫৯.৩২, বাঁকুড়ায় ৫৯.৪১ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪৮.১৩ শতাংশ ভোট পড়েছে।
দ্বিতীয় দফায় রাজনৈাতিক মহলের কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম দখলে দ্বৈরথ চলছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা তথা মমতার প্রাক্তন সহযোগী শুভেন্দু অধিকারীর। তবে পূর্ব মেদিনীপুরের ওই আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ছাড়া, বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে কেশপুর, ডেবরা, সবং এবং দাসপুরের মতো জায়গাতেও।
সৌজন্যে: আনন্দবাজার
Comments
Post a Comment