স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানের আজ প্রয়ান দিবস...
স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, এসি (ইংরেজি: Don Bradman; ২৭ আগস্ট ১৯০৮ - ২৫ ফেব্রুয়ারি ২০০১), যিনি প্রায়শই দ্য ডন নামে অভিহিত, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল অব্দি ব্র্যাডম্যানের খেলোয়াড়ী জীবনের টেস্ট ব্যাটিং গড় ৯৯.৯৪ ছিল, যা যে কোন ক্রীড়াবিদের যে-কোন বড় ধরনের ক্রীড়ায় সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়ে আসছে।কিশোর ব্র্যাডম্যানের একাকী একটি ক্রিকেট স্ট্যাম্প ও গল্ফ বল নিয়ে অনুশীলন করার গল্প অস্ট্রেলীয় উপকথার অংশ। নিরিবিলি এলাকায় ক্রিকেট খেলা থেকে অস্ট্রেলীয় টেস্ট দলে ব্র্যাডম্যানের দ্রুতলয়ে উত্থান পর্বে দুই বছরের অধিক সময় লেগেছিল। নিজের ২২তম জন্মদিনের পূর্বেই শীর্ষ রান সংগ্রহের অনেকগুলো রেকর্ড গড়েন, তন্মধ্যে কয়েকটি এখনো টিকে রয়েছে এবং তিনি অস্ট্রেলিয়ার মহামন্দাকালীন সেরা ক্রীড়া তারকার মর্যাদা লাভ করেছিলেন।
২০ বছরের খেলোয়াড়ী জীবনে ব্র্যাডম্যান নিয়মিত এত রান করেছেন যে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক বিল উডফুলের ভাষায় তিনি "অস্ট্রেলিয়ার তিনজন ব্যাটসম্যানের সমতুল্য" ছিলেন। তার রান নেওয়াকে নিয়ন্ত্রণ করতে ইংল্যান্ড দল বিশেষভাবে তার বিরুদ্ধে বডিলাইন নামক এক ধরনের বিতর্কিত কৌশল অবলম্বন করেছিল। অধিনায়ক ও প্রশাসক হিসেবে ব্র্যাডম্যান আক্রমণাত্মক ও বিনোদনদায়ক ক্রিকেট খেলার অঙ্গীকারাবদ্ধ ছিলেন, এবং তিনি রেকর্ড সংখ্যক দর্শকদের আকৃষ্ট করেছিলেন। তিনি ক্রমাগত তোষামোদ অপছন্দ করতেন এবং এর প্রভাব তিনি অন্যদের সাথে কেমন আচরণ করছেন তাতে প্রভাব ফেলত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরোপিত বিচ্ছেদের পর তিনি নাটকীয়ভাবে ফিরে আসেন এবং ইংল্যান্ড সফরে অপরাজিত থেকে রেকর্ড ভঙ্গ করা "অপরাজেয়" নামক অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করেন।
ব্র্যাডম্যান একজন জটিল, বিপুল উদ্যমী ব্যক্তি ছিলেন এবং কারও সাথে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রাখতেন না। তিনি অবসরের পরেও প্রশাসক, নির্বাচক ও লেখক হিসেবে এই খেলার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার শেষ সময়ে তিনি একান্তবাসী হয়ে গেলেও তার মতামতকে খুবই প্রাধান্য দেওয়া হত এবং জাতীয় প্রতিমা হিসেবে তার মর্যাদা অক্ষুণ্ন ছিল। টেস্ট খেলা থেকে তার অবসরের প্রায় ৫০ বছর পর ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তাকে "সর্বশ্রেষ্ঠ জীবিত অস্ট্রেলীয়" হিসেবে অভিহিত করেন। ব্র্যাডম্যানের ছবি ডাকটিকিট ও মুদ্রায় সংযুক্ত হয় এবং তার জীবদ্দশাতেই তাকে উৎসর্গীকৃত একটি জাদুঘর চালু করা হয়। ২০০৮ সালের ২৭শে আগস্ট তার জন্ম শতবার্ষিকীতে রয়্যাল অস্ট্রেলিয়ান মিন্ট ব্র্যাডম্যানের চিত্র সম্বলিত $৫ স্বর্ণ মুদ্রা প্রকাশ করে। ২০০৯ সালে আইসিসি ক্রিকেট হল অব ফেমে মরণোত্তর তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
Comments
Post a Comment