চলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী এসপি বালা সুব্রামানিয়াম...
প্রখ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা এসপি বালা সুব্রামানিয়াম আর নেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৭৪ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
উপমহাদেশের ১৬টি ভাষায় ৪০ হাজারের বেশি গান গেয়েছেন শ্রীপতি পণ্ডিতারাধ্যুলা বালা সুব্রামানিয়াম। অনেকগুলো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন ‘এসপিবি’।
চেন্নাইয়ের একটি হাসপাতাল থেকে সুব্রামানিয়ামের ছেলে এসপি চরণ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এসপিবি সবার। তিনি তাঁর সংগীতেই বেঁচে থাকবেন।
হাসপাতাল সূত্র জানায়, এসপি বালা সুব্রামানিয়াম গত ৫ আগস্ট হাসপাতালে ভর্তি হন। ৪ সেপ্টেম্বর তিনি করোনামুক্ত হন। এরপর সর্বোচ্চ লাইফ সাপোর্টে থাকা সত্ত্বেও ২৫ সেপ্টেম্বর দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
ভারতীয় সংগীতজগতে অপরিসীম অবদান রেখে গেছেন ‘এসপিবি’। সকল বয়সের শ্রোতাদের কাছেই প্রিয় গায়ক ছিলেন তিনি। তার ৪০ হাজারের বেশি গান গাওয়ার অনন্য কৃতিত্ব গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।
মূলত প্লেব্যাক গায়ক ছিলেন এসপিবি। পাশাপাশি বেশকিছু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। সেরা প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে তিনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া নন্দী পুরস্কার জয় করেন ২৫ বার। ভারত সরকার তাকে সম্মানজনক পদ্মশ্রী (২০০১) ও পদ্মভূষণ (২০১১) উপাধিতে ভূষিত করেছে।
Comments
Post a Comment