কড়াকড়িতে সফল লকডাউন...

সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন, শনিবারও লোকজনকে ঘরে আটকে রাখতে মোটের উপরে সফল পুলিশ-প্রশাসন। আর যেখানেই সরকারি নির্দেশ উপেক্ষা করে লোকজনকে অপ্রয়োজনে বাইরে বেরোতে দেখা গিয়েছে, ধরপাকড়, জরিমানা, ওঠবস— সবই হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, প্রশাসনিক কড়াকড়ির জন্যই লোকে লকডাউন মানছে। কড়াকড়ি শিথিল হলেই রাস্তায় ফের ভিড় বাড়বে।
কোভিড সংক্রমণ ঠেকাতে প্রতি সপ্তাহে দু’দিন করে রাজ্যে সার্বিক লকডাউন করার পথে হেঁটেছে রাজ্য সরকার। চলতি সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার সার্বিক লকডাউন হয়েছে। আগামী সপ্তাহে বুধবার একটি লকডাউনের দিন স্থির রয়েছে। সরকার জানিয়েছিল, আগামিকাল, সোমবার বৈঠক করে দ্বিতীয় দিনের ঘোষণা করা হবে। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভিডিয়ো বৈঠক থাকায় ওই বৈঠক না-হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে প্রশাসনিক সূত্রের ধারণা, ওই সপ্তাহে দ্বিতীয় কোনও লকডাউন-দিনের ঘোষণা শেষ পর্যন্ত না-ও হতে পারে। কারণ, ওই সপ্তাহে একটি ছুটির দিন রয়েছে বকরিদের জন্য। যে-হেতু ছুটির দিনে গতিবিধি বিশেষ থাকে না, সেই কারণে তার পরের সপ্তাহে দু’দিন লকডাউনের ঘোষণা করতে পারে সরকার। 

Comments